
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পৌরসদরের সোনালী ব্যাংক সংলগ্ন জালাল মিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় পণ্য ভস্মীভূত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় নদী থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিস আসার আগেই দুটি গুদামের সব মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মার্কেটের মালিক জামাল মিয়া বলেন, ক্ষতিগ্রস্ত গুদামগুলোতে পাইকারি বিক্রেতাদের মালামাল ছিল। ব্যবসায়ী নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ অনেকে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আশপাশে ব্যাংক ও আরও কয়েকটি দোকান থাকলেও সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

