
গত দুই বছরে ইসরায়েলের যুদ্ধ ব্যয় দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩ বিলিয়ন ডলার—এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিরক্ষা বাহিনীকে রিজার্ভ সেনাদের দায়িত্বহীন ব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত করেছেন। এতে রিজার্ভ সৈন্যদের ভাতা বাবদ কয়েক বিলিয়ন ডলার অপচয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, আগামী বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে প্রতিরক্ষা বাজেট আরও বাড়ানো জরুরি হয়ে পড়েছে। রিপোর্টে স্পষ্ট করে বলা হয়নি, এই যুদ্ধ ব্যয়ের মধ্যে কোন কোন সংঘাতের খরচ অন্তর্ভুক্ত। তবে ধারণা করা হচ্ছে, গত দুই বছরে গাজা, লেবানন ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানগুলোই এই হিসাবের অংশ। ২০২৪ সালের ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজা যুদ্ধের অবসান ঘটে। এতে ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হন—যাদের অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরে লেবাননে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি বিমান হামলায় ৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ১৭ হাজার আহত হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুদ্ধ আরও তীব্র হয় এবং দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়।

