রেমিট্যান্স প্রেরণে শীর্ষে সৌদি প্রবাসীরা

0
222

চলতি বছরের অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। শীর্ষ দশ প্রেরণকারী দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, ওমান, কাতার, কুয়েত ও সিঙ্গাপুর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অক্টোবর মাসে সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন সর্বাধিক ৩৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, সেখান থেকে এসেছে ৩৬ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ২৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ডলার। এছাড়া মালয়েশিয়া থেকে এসেছে ২৭ কোটি ৯৯ লাখ ৯০ হাজার, যুক্তরাষ্ট্র থেকে ১৯ কোটি ২৩ লাখ ২০ হাজার, ওমান থেকে ১৬ কোটি ২০ লাখ ৬০ হাজার, ইতালি থেকে ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার, কাতার থেকে ১২ কোটি ৬৮ লাখ ২০ হাজার, কুয়েত থেকে ১২ কোটি ৫৯ লাখ ৮০ হাজার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ১০ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। অক্টোবরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১ হাজার ১৪ কোটি ৮৮ লাখ ডলার (১০.১৪ বিলিয়ন ডলার), যা গত বছরের একই সময়ের তুলনায় ১২১ কোটি ১৭ লাখ ডলার বা ১৩ দশমিক ৫৫ শতাংশ বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here