
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ১৯ কেজি ওজনের বড় কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি কেজি প্রতি ২৮০০ টাকায় ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) মাছটি দৌলতদিয়া শকুর আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে এটি কিনে নেন মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান। জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের সঙ্গে সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় উজানের ভাটিতে জাল ফেলে। এ সময় তাদের জালে বড় কাতল মাছ ধরা পড়ে। পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারে নিয়ে আসেন, যেখানে নিলামে সম্রাট শাজাহান কেজি প্রতি ২৮০০ টাকায় কিনে নেন। সম্রাট শাজাহান বলেন, “১৯ কেজির কাতল মাছটি উন্মুক্ত নিলামে ৫৩ হাজার টাকায় কিনেছি। মাছটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোনে যোগাযোগ করা হচ্ছে। কেজি প্রতি সামান্য লাভ হলে বিক্রি করা হবে।” জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, “পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় ধরনের বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে, যা বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।”
