
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাস হঠাৎ আগুনে পুড়ে যায়। ঘটনাটি শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) অফিসের সামনে ঘটে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাসচালক মিনিবাসটি সওজ কার্যালয়ের সামনে রেখে যান। ভোরে স্থানীয়রা বাসের ভেতর ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসের সিট, কাচসহ অভ্যন্তরের কয়েকটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পার্ক করা বাসটিতে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

