
গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পার্কের প্রধান ফটকের পাশের নামফলকে আগুন ধরিয়ে দেয় এবং একই সময়ে ফটকের সামনে ককটেল জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে নামফলকের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অবস্থিত পার্কটির নিরাপত্তাকর্মীরা দ্রুত পাইপের পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পার্কের নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ‘ভোরে কয়েকজন মুখোশধারী গেটের পাশে আগুন লাগায়। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। আমরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হই।’ খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনার কিছুক্ষণ পরই কালিয়াকৈরের মেদিআশুলাই এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি এক্সকাভেটরে আগুন ধরিয়ে দেয়, এতে যন্ত্রটির বড় অংশ পুড়ে যায়। ধারাবাহিক এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় শিল্পাঞ্চলে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা।

