
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিন্ধু। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন।” পাকিস্তানের জিওনিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মুরাদ আলী শাহ বলেন, সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য ও অঙ্গীভূত অংশ। “সিন্ধু ছিল, আছে এবং ভবিষ্যতেও পাকিস্তানের অংশ থাকবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ইতিহাসের সঙ্গে অচেনা,” বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, “সিন্ধু ১৯৩৬ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেই বোম্বাই প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে গিয়েছিল। সিন্ধুর মানুষ দীর্ঘদিন ধরে তাদের স্বায়ত্তশাসন, মর্যাদা ও রাজনৈতিক পরিচিতি রক্ষা করেছে। ভারতীয় মন্ত্রীদের উচিত নিজেদের অভ্যন্তরীণ বিভাজনের দিকে মনোযোগ দেওয়া, আমাদের ব্যাপারে দিবাস্বপ্ন দেখা বন্ধ করা।” এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে রাজনাথ সিংয়ের মন্তব্য তুলে ধরা হয়েছিল, যেখানে তিনি বলেন, “আজকের দিনে সিন্ধুর জমি হয়তো ভারতের অংশ নয়, কিন্তু সভ্যতাগতভাবে সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে। সীমান্ত বদলাতে পারে, কে জানে, কাল সিন্ধু আবার ভারত ফিরে আসতে পারে।” একই সূত্রে বলা হয়, তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনো পুরোপুরি পাকিস্তানের সঙ্গে সিন্ধুর সংযুক্তি মেনে নেননি। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সিংয়ের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘কল্পনাপ্রসূত এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “সিংয়ের মন্তব্য একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ব মানসিকতা প্রতিফলিত করে যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এটি স্বীকৃত সীমান্ত চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে।” তারা আরও যোগ করেছে, “ভারতের নেতাদের উসকানিমূলক ভাষণ দেওয়া বন্ধ করা উচিত এবং ভারতের নিজস্ব নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া উচিত।”

