
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, মানুষ জামায়াতে ইসলামীকে আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করেছে। মানুষের যে আস্থা ও ভালোবাসা তা চোখে পড়ার মতো। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোবারক বলেন, আমরা সমাজকে মাদকমুক্ত করতে চাই। মানুষ মনে করছে, সমাজ থেকে মাদক নির্মূলের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। নৈতিক শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাতে হলে জামায়াতে ইসলামীর ভূমিকা অপরিহার্য। তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ২০০ আসনের বেশি আসন পেতে পারে। যে স্থানে আগে আমরা আশা করতাম না, সেসব জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় এসে আমাদের স্বাগত জানাচ্ছেন। বিশেষ করে মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের সমর্থন করছেন। এই আবেগ ও উৎসাহ প্রমাণ করছে যে, জামায়াতে ইসলামী এখন কেবল একটি দল নয়, বরং পরিবর্তনের স্বপ্ন দেখা মানুষের সংগঠন হিসেবে পরিণত হয়েছে। ড. মোবারক আরও বলেন, আজ দেশের ইতিহাসে ইসলামী দলগুলো একই জায়গায় একত্রিত হওয়ায় নতুন নজির স্থাপন হয়েছে এবং মানুষ মনে করছে, এটি ইসলামের নব সূর্যোদয়ের সূচনা। উদ্বোধন অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের পরিচালনা করেন সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈন উদ্দিন সাঈদ। কুমিল্লা-৫ আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী এবং জেলার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
