
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরের সময় টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, আর মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছাও ছিল। তবে সেই ইচ্ছা তখন পূরণ হয়নি। এবার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার স্পষ্ট জানালেন, কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। সাকিব বলেন, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।” তিনি আরও জানিয়েছেন, দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে নিজের শেষ ম্যাচটি খেলতেই চান। তার কথায়, “হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তবে সেটা হবে আমার এবং সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।” ক্যারিয়ারের শেষদিকে সমর্থকদের মধ্যে একটি প্রচলিত ধারণা ছিল যে সাকিবের প্রতিটি কাজের কেন্দ্রবিন্দু টাকা। এমনকি তার নাম পড়েছে ‘শোরুম আল হাসান’ হিসেবে। তবে সত্য হলো, সাকিব ছিলেন বাংলাদেশের প্রথম প্রকৃত বাণিজ্যিক সুপারস্টার। মাঠে দাপট দেখানোর পাশাপাশি বাইরেও তিনি নিজের সাফল্যকে অর্থে রূপ দিয়েছেন, যা আগে কেউ পারেনি। তিনি বলেন, “আমার মনে হয়, এসব কিছু সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম তৈরি করেছে। ফলে মানুষ এমনটা ভাবতে শুরু করেছে। আমি যেভাবে কাজ করেছি, সেটা আগে কেউ করেনি। তাই মানুষের কাছে বিষয়টা নতুন এবং হজম করাটা কঠিন ছিল। এখন যদি অন্য কেউ একইভাবে ব্র্যান্ড প্রচার করে, তা হলে মানুষের প্রতিক্রিয়া তেমন হয় না। কিন্তু আমি প্রথম ছিলাম, তাই ভালোও, খারাপও উভয় প্রতিক্রিয়া পেয়েছি।” সাকিব আরও যোগ করেন, “তবে মানুষ তাদের মতো করে ভাবতে পারে, আমি তাতে বিচলিত নই। আমি বেশি মন দিই না যে মানুষ আমার সম্পর্কে কী ভাবছে। আমার আগ্রহ শুধু আমার কাছের মানুষরা কী ভাবছে। এবং আমার মনে হয়, ওরাও এভাবে ভাবে না।”

