
গাজীপুর সাফারি পার্কের শেষ বেঁচে থাকা জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ জিরাফের মৃত্যু ঘটে, যা সম্পর্কে পার্ক কর্তৃপক্ষ শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বাণিজ্য প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে এই জিরাফগুলো আমদানি করা হয়। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে চারটি জিরাফ বাচ্চা দেয়। তবে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে কিছু জিরাফ বিভিন্ন রোগে মারা যায়। শেষ পর্যন্ত একমাত্র একটি স্ত্রী জিরাফ বেঁচে ছিল। তার মৃত্যুর পর পার্কে আর কোনো জিরাফ নেই।শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, জিরাফের মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের শেষ জিরাফটি টিবি রোগে ভুগছিল। তাকে সুস্থ করতে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত পার্কে সম্পন্ন করা হয়েছে এবং মাটি চাপা দেওয়া হয়েছে। তারেক রহমান আরও জানান, এই জিরাফটির মৃত্যুর ফলে পার্কে এখন জিরাফ নেই।

