
চট্টগ্রাম নগরীর সদরঘাটের প্রায় দেড়শ বছরের পুরোনো কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্যের মতে, দীর্ঘ ১৫০ বছরের ইতিহাসে এটাই প্রথম এমন ঘটনা। মন্দির কর্তৃপক্ষের ধারণা, শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) ভোররাতের মধ্যে চুরির ঘটনাটি ঘটে। রোববার সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে তারা চুরির বিষয়টি টের পান। সানা ভট্টাচার্য্য বলেন, “মূল ফটকের তালা অক্ষত ছিল। ধারণা করছি, চোর মন্দিরের পেছনের ঘরের চাল বেয়ে উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছে।” তিনি আরও জানান, চোরেরা কালীর প্রতিমার মাথা থেকে চার ভরি স্বর্ণের একটি মুকুট, রুপার একটি মুকুট, কানের দুল, দুই ভরির লকেটসহ চেইন, চার ভরির রুপার মুণ্ডমালা, চার আনার স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে গেছে। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। মন্দির কর্তৃপক্ষ এজাহার দিচ্ছে, বিষয়টি তদন্তাধীন।” নগরীর ঐতিহ্যবাহী এই কালী মন্দিরে প্রতিদিন শতাধিক ভক্তের আগমন ঘটে এবং তারা নিয়মিত প্রণামী দান করেন। এই মন্দিরে আগে কখনো এমন চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

