
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-উপাধ্যক্ষ) নিয়োগ পরীক্ষা শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে দেখা গেছে তাঁর স্বভাবসুলভ কঠোর নজরদারির ভূমিকায়। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি কখনও জানালার ফাঁক দিয়ে, আবার কখনও হঠাৎ করে জানালার গ্লাস সরিয়ে ভেতরের পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করেন। মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতেও দেখা যায়, তিনি জানালার গ্রিল ধরে মনোযোগ দিয়ে পরীক্ষার হলের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্টরা জানান, সকালে এনটিআরসিএর সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পরিদর্শন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করেন। এছাড়া গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মাদ্রাসা শিক্ষকদের পরীক্ষাও পরিদর্শন করেন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্বলতা থাকলে তা কঠোরভাবে খতিয়ে দেখা হবে। তিনি সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হলে তা ‘অণুবীক্ষণ যন্ত্র দিয়ে’ খুঁজে বের করা হবে এবং মেধাবীদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না। এদিকে, ঢাকার নয়টি কেন্দ্রে চারটি গ্রুপে শিক্ষকদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

