
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ইএমই কোরের সব সদস্যকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইএমই কোরের বাৎসরিক-২০২৫ অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে সেনাপ্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশসেবায় কোরের অবদানের কথা উল্লেখ করে উপস্থিত ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের কোর ও সেনাবাহিনীর উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যেক সদস্যের কাছে আশা প্রকাশ করেন যে, তারা ভবিষ্যতে দেশের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। এর আগে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে সেনাপ্রধানের আগমনের সময় তাকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া এবং কমান্ড্যান্ট ইএমই সেন্টার অ্যান্ড স্কুল। সম্মেলনে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, অ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া, সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট ইএমই সেন্টার অ্যান্ড স্কুল, সব ইএমই ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

