
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার (১৪ জানুয়ারি) থেকে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। এই তাপমাত্রা পতনের ধারা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


