
রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে নতুন সুবিধা। এখন থেকে বাসায় বসেই স্থায়ী র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ করা যাবে। ফলে আর স্টেশন বা ব্যাংকের বুথে দাঁড়িয়ে লাইন দেওয়ার প্রয়োজন হবে না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইন রিচার্জ সেবা আনুষ্ঠানিকভাবে চালু হবে। প্রথমে ডিটিসিএর ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করে রিচার্জ করা যাবে। পরে আরও সহজ ব্যবহারের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “সেবা চালু হলে স্টেশনে ভিড় কমবে, যাত্রীরা সময় বাঁচাতে পারবেন, ভোগান্তি কমবে।” নীতিমালা অনুযায়ী, অনলাইন রিচার্জে পেমেন্ট গেটওয়ের অতিরিক্ত চার্জ গ্রাহককে বহন করতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে এবং তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ে স্পর্শ না করলে অর্থ স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। চাইলে গ্রাহক সাত দিনের মধ্যে নিজেই রিফান্ড নিতে পারবেন—সেক্ষেত্রেও একই হারে চার্জ প্রযোজ্য হবে। ডিটিসিএ সূত্র জানায়, সোমবার থেকে স্টেশনগুলোতে নতুন এভিএম মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে প্রতিটিতে দুটি করে মোট ৩২টি মেশিন ২১ ও ২২ নভেম্বর স্থাপন করা হবে। বর্তমানে ঢাকা মেট্রোরেল সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলাচল করছে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। আগামী মাসে ট্রেনের ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো হবে—ট্রেনের ব্যবধান দুই মিনিট কমিয়ে আনা হবে, এতে দৈনিক যাত্রী সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

