
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের প্রায় ৪২ কিলোমিটারজুড়ে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তবে এলাকায় জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। উত্তর পাশে মহাসড়কের শামুকসার ও মিয়াবাজার অংশে, আর দক্ষিণে দত্তসার ও জগন্নাথদিঘী এলাকায় চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। চৌদ্দগ্রাম পৌরসভার লাকসাম রোডের মোড়েও রয়েছে পুলিশ সদস্যরা। এসব পয়েন্টে সন্দেহজনক যানবাহন থামিয়ে চলছে তল্লাশি। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, এএসপি সার্কেলের নেতৃত্বে একাধিক গাড়িতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচলকারী যানবাহন তল্লাশি করা হচ্ছে।

