
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনৈতিক ও অপকর্মে জড়িত থাকার অভিযোগে ছালাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে মিরসরাই থানা পুলিশ ছালাউদ্দিনকে সাহেরখালী ইউনিয়ন থেকে শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার করে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

