
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার একটি চৌকস টিমের বিশেষ অভিযানে আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাগিনা মোঃ আলভিন (৩১) কে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ সন্ধ্যার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বস্ত সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান সফল হয়। গ্রেফতারের পর আজ ১৫ মার্চ ২০২৬ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, ৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী খন্দকারপাড়া মসজিদ এলাকায় মাগরিবের নামাজ শেষে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর নেতা-কর্মীদের সঙ্গে গণসংযোগ চলাকালে লিফলেট বিলির সময় সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাকে পিছন থেকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-০৯, তারিখ ৭/১১/২০২৫ রুজু হয়। মামলায় ধারা হিসেবে পেনাল কোড-১৮৬০ এর ১৪৩/১৪৮/১৪৯/৩০২/৩২৬/৩০৭/১০৯/৩৪ উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১নং আসামি মোঃ সাজ্জাদের (বড় সাজ্জাদ) পরিকল্পনা ও নির্দেশনায় রায়হান (৩৫), মোবারক হোসেন ইমন (২২), বোরহান (২৭), আলাউদ্দিন (২৮), মোঃ হেলাল ওরফে মাছ হেলাল (৩২), মোঃ নিজাম উদ্দিন ওরফে হাবিব (৪০) সহ অজ্ঞাতনামা ১৫-১৬ জন এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। মামলা রুজুর পর থেকে এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিদের গ্রেফতারে দফায় দফায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মোঃ আলভিন বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবন, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে জনশৃঙ্খলা বিঘ্নিত করত। এছাড়া চট্টগ্রাম মহানগরে ইতিপূর্বে সংঘটিত একাধিক খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি জানান, গ্রেফতার আলভিনকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

