চট্টগ্রামে তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু রবিবার

0
135

সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু হচ্ছে আগামী রবিবার। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়ে মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ভূমিমেলা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীন ১১টি জেলা, ১০৩টি উপজেলা ও সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলো নিজ নিজ উদ্যোগে ভূমিমেলার আয়োজন করবে।




গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে ভূমিমেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুর উল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি-উর রহিম জাদিদ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এসএম অনীক চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে ড. মো. জিয়াউদ্দীন বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক।

তিনি বলেন, মেলা চলাকালীন চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে ১২টি স্টলের মধ্যে ৬টি স্টলে মহানগরের ৬টি সার্কেলের যাবতীয় ভূমিসেবা প্রদান করা হবে। ২টি স্টলে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুমের সেবা, ২টি স্টলে জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং ২টি স্টলে দেশের যেকোন প্রান্তের ভ‚মি বিষয়ক সেবা- যেমন ভূমি উন্নয়ন কর, ই-নামজারির আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হবে।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ভূমিমেলায় জেলা প্রশাসনের নির্ধারিত স্টলে এসে গ্রাহকেরা তাদের জমির ই-নামজারির আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক থাকলে কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে পর্চা সরবরাহের ব্যবস্থা থাকবে। একইসাথে আবেদনের তিনদিনের মধ্যে নিষ্পত্তি সাপেক্ষে এলএ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, মৌজা ম্যাপ সরবরাহ, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহের টার্গেট থাকবে। হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা আমাদের উদ্দেশ্য।

ভূমিমেলার প্রধান আকর্ষণসমূহ: অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ।

এছাড়া অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাসজমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অংশগ্রহণকারী দপ্তরসমূহের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন, সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here