চট্টগ্রামে ব্যবসায়ী আব্দুল হাকিম চৌধুরী হত্যা: স্ত্রী তাছপিয়া আলম তানজুর এজাহার দায়ের — পুলিশ বলছে, খুনিদের শনাক্ত করা হয়েছে

0
1

-নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের হাটহাজারীতে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল হাকিম চৌধুরীর স্ত্রী তাছপিয়া আলম তানজু (৩৩) হাটহাজারী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৫ ইং, বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে, হাটহাজারী মডেল থানাধীন ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের মনুনাঘাট বাজার সংলগ্ন পানি শোধনাগার গেটের পশ্চিম পাশে পাকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল হাকিম চৌধুরী তার নিজস্ব প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ঘ-১৬-০৯৪৯) যোগে গ্রামের বাড়ি পাছখাইন, রাউজান থেকে শহরের নিজ বাসায় ফেরার পথে মোটরসাইকেলযোগে আগত অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলিবর্ষণ করে।
গুলিতে আব্দুল হাকিম গাড়ির সামনের সিটেই গুরুতর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। গাড়িচালক মো. ইসমাইল (৩৫) গুলিবিদ্ধ হয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হাকিমের সঙ্গে থাকা ফুফাতো ভাই শুক্কুর পেছনের সিটে লুকিয়ে প্রাণে বাঁচেন। পরে স্থানীয় লোকজন ও শুক্কুরের সহায়তায় আহত অবস্থায় আব্দুল হাকিমকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
তাছপিয়া আলম তানজু এজাহারে উল্লেখ করেন, তার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, ঘটনাটির বিস্তারিত তদন্ত করে দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জানান, পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং খুনিদের প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গতিবিধি ও যোগাযোগ নেটওয়ার্ক বিশ্লেষণ করা হচ্ছে।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা গেছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। তদন্ত কর্মকর্তারা ঘটনার স্থান, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা বিশ্লেষণ করছেন।
চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে এ হত্যাকাণ্ড গভীর শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। সবাই দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here