ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী তিন দিনের সব নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

0
233

রোববার (১৯ অক্টোবর) সকালে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। শেখ বশিরউদ্দীন বলেন, “গতকাল দুপুর সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৩৭টি ফায়ার ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ওজন নির্ণয়ের কাজ চলছে। খাতভিত্তিক ক্ষতির হিসাবও করা হচ্ছে।” তিনি আরও জানান, “আমাদের করণীয় নির্ধারণে আজ বিকেল সাড়ে ৩টায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাত ৯টার মধ্যে বিমানবন্দর সচল করার, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। প্রায় ২১টি ফ্লাইট ডাইভার্ট বা বাতিল করতে হয়েছে। যাত্রীদের কষ্ট লাঘবে আমরা একটি নির্দেশনা জারি করেছি—এর আওতায় আগামী তিন দিনের সব নন-শিডিউল ফ্লাইটের ফি সম্পূর্ণ মওকুফ থাকবে। যাত্রীদের খাবার ও সেবার সব দায়িত্বও সরকার গ্রহণ করেছে।” তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও কিছু ব্যত্যয় ঘটতে পারে, কারণ একই সঙ্গে বহু বিষয় সামলাতে হচ্ছে। যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।” এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি-রপ্তানির কার্গো ভিলেজ এলাকায় হঠাৎ ধোঁয়া দেখা দেয়। কিছু সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। নির্ধারিত উড্ডয়ন স্থগিত রেখে অবতরণ ফ্লাইটগুলো ঘুরিয়ে দেওয়া হয় চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে রাত ৯টার দিকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট, বিমানবাহিনী, বেবিচক, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী একযোগে কাজ করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here