**জাতিসংঘকে একযোগে ইরান, রাশিয়া ও চীনের বার্তা**

0
128

তেহরানের সঙ্গে ২০১৫ সালে ছয়টি বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে পাঠানো এক চিঠিতে তিন দেশ উল্লেখ করেছে, যে জাতিসংঘের ২২৩১ প্রস্তাবের সব বিধান ১৮ অক্টোবর ২০২৫ তারিখে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর ফলে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের তদারকি ও বিবেচনার বিষয়টি শেষ হলো। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই৩) পক্ষ থেকে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা আইনগতভাবে ত্রুটিপূর্ণ এবং অগ্রহণযোগ্য, কারণ এই দেশগুলো নিজেই চুক্তি লঙ্ঘন করেছে।  তেহরান, মস্কো ও বেইজিং আরও জানিয়েছে, ২২৩১ প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ায় এই অধ্যায়ও শেষ হয়েছে, যা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা এবং বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে। তিন দেশ সব পক্ষকে একতরফা নিষেধাজ্ঞা বা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার প্রস্তাব রাখে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থাকা সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। ২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) এই চুক্তি স্বাক্ষর করেছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here