নতুন পে স্কেলে সর্বনিম্ন-সর্বোচ্চ বেতনের প্রস্তাব দিচ্ছে বাআবিকফ

0
223

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তারা বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা বৃদ্ধি এবং আরও ২১টি দাবি তুলে ধরেছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা এসব দাবি প্রকাশ করেন। সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া লিখিত বক্তব্যে বলেন, “২০১৫ সালের অষ্টম পে-স্কেলের বৈষম্যপূর্ণ কার্যকর হওয়ার পর থেকে ১১ বছর ধরে কর্মচারীরা নবম পে-স্কেলসহ অন্যান্য দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এবার আমরা আশা করি সরকার বাজার পরিস্থিতি, ছয় সদস্যের পরিবারের ব্যয় এবং বেতন বৈষম্য বিবেচনায় নিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।” ফেডারেশন শিক্ষার, চিকিৎসার ও যাতায়াতের সুবিধা বৃদ্ধি, পূর্বে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা এবং সরকারি কর্মীদের জন্য রেশন ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছে। একই দিনে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) পৃথকভাবে জাতীয় বেতন কমিশন-২০২৫-এ ১৭ দফা প্রস্তাব জমা দিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে বেতন গ্রেড কমিয়ে ১২ করা, সর্বনিম্ন ৩৫ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৪-এর মধ্যে রাখা। প্রয়োজনে কমিশন সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকার বেশি নির্ধারণ করতে পারবে। এর আগে ২৭ জুলাই সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে আগামী ডিসেম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here