আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

0
180

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানায়, স্বর্ণ বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে পার্থক্য হতে পারে। এর আগে ২৮ অক্টোবর বাজুস সর্বশেষ দাম সমন্বয় করে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায় নামিয়েছিল। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা। এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে মোট ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৪৯ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর ২০২৪ সালে সমন্বয় হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল। অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় হয়েছে—যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৩ বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here