**বাবর আজমের সামনে কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ**

0
140

মঙ্গলবার শুরু হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে ঘিরে নজর এখন পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজমের দিকে, যিনি দারুণ দুটি মাইলফলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন। ভক্তদের আশাওয়ানডেতেও ঝলক দেখাবেন বাবর, আর সেটিই ঘটলে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলার সুযোগ পাবেন তিনি। ৩১ বছর বয়সী বাবর আজম পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের রেকর্ড ছোঁয়ার একদম দোরগোড়ায়। আনোয়ার ২৪৭ ম্যাচে ২৪৪ ইনিংসে ২০টি সেঞ্চুরি করেছেন। বাবর ইতোমধ্যেই ১৩৪ ম্যাচে ১৩১ ইনিংসে ১৯টি শতক হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আরও একটি সেঞ্চুরি করলেই আনোয়ারের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে নাম লিখিয়ে ফেলবেন তিনি। এছাড়া, ভারতের বিরাট কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে বাবরের সামনে। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০টি শতক হাঁকানোর তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন কোহলি—যিনি ১৩৩ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন। বাবর এখন পর্যন্ত ১৩১ ইনিংসে ১৯টি শতক করেছেন। যদি প্রথম ওয়ানডেতেই শতক পান, তাহলে মাত্র ১৩২ ইনিংসে ২০ সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি এবং কোহলিকে টপকে যাবেন। এই তালিকার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, যিনি মাত্র ১০৮ ইনিংসে ২০টি শতক করেছিলেন। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ফিরছে পাকিস্তানের ফয়সালাবাদে। সর্বশেষ এখানে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালের ১১ এপ্রিল, যেখানে পাকিস্তান সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে। পরিসংখ্যান বলছে—এ পর্যন্ত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ৮৭ বার; পাকিস্তান জিতেছে ৩৪টি ম্যাচে, দক্ষিণ আফ্রিকা ৫২টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here