
একজন বৃদ্ধ ওমরাহযাত্রী অসুস্থতার কারণে নিজে খাবার খেতে পারছিলেন না। সেই মুহূর্তে সৌদিয়া এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেনডেন্ট মানবিকতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন—নিজ হাতে সেই যাত্রীকে খাবার খাইয়ে দেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটির ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সৌদিয়া এভিয়েশনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাঁপুনি ও দুর্বলতায় ভোগা ওই বৃদ্ধ যাত্রী চামচ ধরে খাবার তুলতে পারছেন না। পাশে থাকা কেবিন ক্রু ধৈর্য, যত্ন ও মমতায় এক চামচ করে তাকে খাইয়ে দিচ্ছেন। জানা গেছে, যাত্রীটি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন—একটি স্নায়ুবিক ব্যাধি, যা শরীরের নড়াচড়া ও নিয়ন্ত্রণক্ষমতা কমিয়ে দেয়। ওই আন্তর্জাতিক ফ্লাইটে আরও অনেক বয়স্ক ওমরাহযাত্রী ছিলেন, যাদের সহায়তায় ক্রুদের বাড়তি দায়িত্ব নিতে হয়। তবে এই কেবিন ক্রুর আচরণ দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। ভিডিওটি দেখে অসংখ্য নেটিজেন তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন।

