
চট্টগ্রাম নগরীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসতে পারবে না—এমন নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের আগে হকাররা ব্যবসা শুরু করলে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নিউ মার্কেট মোড়ে চসিকের পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন। মেয়র বলেন, “নিউ মার্কেট মোড় চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক ও ফুটপাত দখল করে কোনো স্থায়ী কাঠামো করা যাবে না। কেউ করলে সঙ্গে সঙ্গে উচ্ছেদ করা হবে।” তিনি আরও বলেন, “বিকেল ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো স্থাপন করা যাবে না। তারা চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য আনবেন এবং ব্যবসা শেষে নিজ নিজ জায়গা পরিষ্কার রাখবেন।” হকারদের উদ্দেশে মেয়র আহ্বান জানান, “অনেকে ছাতা বসিয়ে ব্যবসা করছেন, তবে এমনভাবে বসাতে হবে যাতে পথচারীদের চলাচলে বিঘ্ন না ঘটে। কেউ ফুটপাত বা সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অভিযানে উপস্থিত ছিলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা।

