
ওমরাহ পালন শেষে সৌদি আরবের পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন শেরপুরের নকলা উপজেলার প্রবাসী গোলাম মাওলা। কিন্তু আত্মসমর্পণের কয়েক ঘণ্টা পরই আসে তার মৃত্যুর সংবাদ। গোলাম মাওলা নকলা উপজেলার ১নং গনপদ্দি ইউনিয়নের তহুর উদ্দিনের মেঝ ছেলে। প্রায় ছয় বছর ধরে তিনি সৌদি আরবের রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করছিলেন। সম্প্রতি তার পাসপোর্টের আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার ছোট ভাই আনিসুর রহমান জানান, ২ নভেম্বর বড় ভাই ফোনে জানিয়েছিলেন—“আমার জন্য সবাই দোয়া করো, আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করছি, এরপরই দেশে ফিরব।” আত্মসমর্পণের আগে টিকিটের টাকা, পাসপোর্ট, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সব কিছু পুলিশকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি। আনিসুর রহমান আরও বলেন, “সোমবার রাতে ফোনে জানতে পারি ভাই মারা গেছেন। পরে আমাদের আরেক ভাই আওলীয়া বিষয়টি স্থানীয় পুলিশের মাধ্যমে নিশ্চিত করেন।” নকলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী এমএফ ফারুক আহমেদ বলেন, “গোলাম মাওলার সঙ্গে নিয়মিত কথা হতো। আত্মসমর্পণের আগেও কথা হয়েছে। এমন হঠাৎ মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি দেশে ফেরার আগেই ওমরাহ শেষ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন।”

