পরিচয় মিলেছে চকরিয়ায় নিহত ৫ জনের

0
121

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের পরিচয় মিলেছে। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হন অন্তত তিনজন। নিহতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) এবং শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। আহতরা হলেন— উদয় পাটোয়ারী (৪৩), তার ছেলে সামাদ পাটোয়ারী (৪) এবং শ্যালক সাহেদ মজুমদার লিসান (২২)। জানা গেছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তা উদয় পাটোয়ারী দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে মাইক্রোবাসে করে রওনা দেন তারা। পথে চৌদ্দগ্রাম থেকে মা, বোন এবং ফালগুনকরা থেকে শাশুড়ি গাড়িতে ওঠেন। কিন্তু সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের শ্বশুর আবদুল মান্নান মজুমদার জানান, “মেয়ের জামাইয়ের উদ্যোগেই পরিবারের সবাই কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার খবর শুনে আমরা ভেঙে পড়েছি।” মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, “চট্টগ্রামমুখী একটি বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দুর্ঘটনাকবলিত দুই যানবাহন জব্দ করে থানায় আনা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here