দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হতে পারে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

0
185

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকেই শুরু হতে পারে এ বছরের শীতের আগমন। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ডিসেম্বরেই দেখা দিতে পারে প্রথম শৈত্যপ্রবাহ। বুধবার (৫ নভেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বিডব্লিউওটির তথ্যমতে, লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে আসছে। তবে বায়ুমণ্ডলে রয়ে যাওয়া জলীয়বাষ্পের কারণে আগামী শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। সংস্থাটি জানায়, শনিবার (৮ নভেম্বর) থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে অনুকূল আবহাওয়া বিরাজ করবে, যা কৃষিকাজের জন্য উপযোগী হবে। এ সময় ধান কাটা ও শীতকালীন শাকসবজি রোপণের উপযুক্ত সময় বলে উল্লেখ করা হয়েছে। বিডব্লিউওটি আরও জানায়, নভেম্বরের ২০ তারিখের আগে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২০ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এর আগে দক্ষিণ বঙ্গোপসাগরে ওয়েভ ইন্টারঅ্যাকশনের কারণে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের পূর্বাভাসে বলা হয়, ২০ নভেম্বরের আগে দেশে বড় ধরনের কোনো আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৭ ও ১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। সবশেষে জানানো হয়, নভেম্বরের ১০ তারিখের দিক থেকেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে সারাদেশে শীত নামবে নভেম্বরের শেষের দিকে, আর প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে ডিসেম্বর মাসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here