
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন করা হবে। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবগুলোই জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই বিষয়গুলোতে জনগণের মতামত জানার সুযোগ মিলবে এই গণভোটের মাধ্যমে। এদিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের জনগণের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

