চীন সীমান্তের কাছে ভারতের নতুন বিমানঘাঁটি চালু, প্রথম অবতরণ ‘সুপার হারকিউলিস’-এর

0
207

চীনের সীমান্তের মাত্র ২৫ কিলোমিটার দূরে, প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লাদাখের মুধ-নিয়োমা বিমানঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে ভারত। বুধবার ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং নিজেই সি-১৩০জে ‘সুপার হারকিউলিস’ পরিবহন বিমানে চড়ে ঘাঁটিতে অবতরণ করেন—এর মধ্য দিয়েই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। খবর এনডিটিভির। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি এখন যোদ্ধা বিমান, হেলিকপ্টার ও ভারী পরিবহন উড়োজাহাজের জন্য প্রস্তুত। এর ফলে সীমান্ত এলাকায় দ্রুত সেনা মোতায়েন, রসদ পরিবহন এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় ভারতের সক্ষমতা বহুগুণে বাড়বে। এয়ার চিফ মার্শাল সিংয়ের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রা। প্রকল্পটির নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), যার ব্যয় হয়েছে প্রায় ২১৮ কোটি রুপি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় দুই বছরেই নির্মাণ সম্পন্ন করে ঘাঁটিটি এখন পুরোপুরি কার্যকর হলো। নিয়োমা বিমানঘাঁটি চালুর ফলে লাদাখে ভারতের সক্রিয় বিমানঘাঁটির সংখ্যা দাঁড়াল চারটিতে—লে, কারগিল, থোইসে ও নিয়োমা। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর সব বিমানঘাঁটি ও অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে অবকাঠামো উন্নয়ন চলছে। পাশাপাশি, বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটিরও আধুনিকায়ন অব্যাহত রয়েছে—১৬,৭০০ ফুটে অবস্থিত এই ঘাঁটিটি চীন সীমান্তের একেবারে কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here