পাকিস্তান ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে বাংলাদেশের রোমান সরকার

0
199

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের লড়াই থেমে গেল এক ভয়াবহ দৃশ্যে—রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার রোমান সরকার। পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই ঘটে এই দুর্ঘটনা। দুপুর ২টায় খেলা শুরু হওয়ার পর মাত্র চতুর্থ মিনিটেই পাকিস্তানের এক খেলোয়াড়ের জোরালো শট ঠেকাতে গিয়ে রোমানের মাথায় লাগে বল। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি, মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসকরা, প্রাথমিক চিকিৎসা শেষে ব্যান্ডেজ পেঁচিয়ে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। রোমানের আঘাতের পর খেলার ছন্দ হারায় বাংলাদেশ দল। ঠিক তখনই পেনাল্টি স্ট্রোক পায় পাকিস্তান, অধিনায়ক আম্মাদ শাকিল ভাটের নিখুঁত শটে এগিয়ে যায় তারা। বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর চেষ্টা সত্ত্বেও গোল ঠেকানো সম্ভব হয়নি। তবে প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তেই স্বাগতিকদের দুর্দান্ত প্রত্যাবর্তন। ১৫তম মিনিটে হুজাইফা হোসেনের অসাধারণ রিভার্স হিটে গোল করে বাংলাদেশ ফিরে আসে সমতায়। দর্শকে পরিপূর্ণ ভাসানী স্টেডিয়াম তখন গর্জে ওঠে উল্লাসে। রোমানের আঘাত দলের মনোবল নাড়িয়ে দিলেও, লড়াই থামাতে পারেনি লাল-সবুজ যোদ্ধাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here