
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সঙ্গে বৈঠক করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে এনসিপির প্রতিনিধিরা সংকটময় সময়ে বাংলাদেশকে সহায়তা এবং জরুরি সংস্কার বাস্তবায়নে ধারাবাহিক সহযোগিতার জন্য আইএমএফকে ধন্যবাদ জানান। তারা উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য এই সংস্কারগুলো অপরিহার্য। আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট এবং যুব কর্মসংস্থান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপির প্রতিনিধি দল এসব চ্যালেঞ্জ স্বীকার করে জানায়, রাজস্ব ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কারকে সমর্থন এবং ধীরগতির সমস্যা থাকলেও তারা অর্থনৈতিক উন্নয়নে একেবারে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে আরও আলোচনা হয় পূর্ববর্তী সরকারের ‘ক্লেপ্টোক্রেসি’ কীভাবে শুরু হয়েছিল, এর প্রভাব দেশের অর্থনীতি ও প্রশাসনে কতটা গভীর ছিল এবং ভবিষ্যতে এমন দুর্নীতি ঠেকাতে কী ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন। আলোচনার অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। উভয় পক্ষই আশা প্রকাশ করে যে বাংলাদেশের পরিশ্রমী জনগণই দেশের উন্নতির মূল শক্তি এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতি আরও টেকসই ও দৃঢ় হবে। বৈঠকে আইএমএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিম ক্রিশকো এবং ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক অ্যানালিস্ট তৌহিদ এলাহি। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান মো. সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের কো-লিড আলাউদ্দিন মোহাম্মদ, সংগঠক ও শিল্প ও বাণিজ্য সেলের কো-লিড আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিল্প ও বাণিজ্য সেলের সদস্য মো. আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ।
