**ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, চাকরি পুনর্বহালসহ দুই দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ**

0
226

চাকরি পুনর্বহাল এবং অন্য একটি দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন অপসো স্যালাইন ফার্মার ছাঁটাইকৃত শ্রমিকরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শত শত যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। শ্রমিকদের আন্দোলনে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নিয়ে সংহতি জানিয়েছেন। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ও এস এল ফার্মা লিমিটেডে কাজ করছেন। প্রথমে দৈনিক বেসিক রুলে ২২০ টাকায় হাজিরা হিসেবে কাজ করা শুরু করেছিলেন, পরে প্রতিষ্ঠান তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু এক বছরের মাথায় হঠাৎ ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হয়, যা তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেছেন, সিদ্ধান্তটি পরিকল্পিত ও শ্রমিকবিরোধী। তাদের দাবি, কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে, যা তাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্রমূলক। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক মো. মিজানুর রহমান বলেন, “১৭ দিন ধরে আমরা আন্দোলন চালাচ্ছি। জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে বৈঠক হয়েছে, কিন্তু কোম্পানি আমাদের দাবি মেনে নিচ্ছে না। আমাদের চাকরিচ্যুতির এক মাস আগে ফার্মায় একটি শ্রমিক ইউনিয়ন অনুমোদিত হয়েছে। তাই আমাদের চাকরি ছাঁটাই করা হয়েছে। পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, “৫৭০ জন শ্রমিককে একযোগে ছাঁটাই করা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও কোম্পানি তাদের পুনর্বহাল বা ক্ষতিপূরণ দেয়নি। শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, “চাকরি পুনর্বহালের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here