**প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা উদ্বোধন করলেন স্কুল ফিডিং কার্যক্রম**

0
128

দেশের ১৫০টি উপজেলায় নতুনভাবে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বেলুন উড়িয়ে এবং শিশু শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী স্কুল দিবসে খাবারের সুবিধা পাবেন। খাবারের তালিকায় থাকবে দেশীয় ফল, ফোর্টিফাইড বিস্কুট, ১২০ গ্রাম ওজনের পাউরুটি, ডিম ও দুধ। সপ্তাহে পাঁচ দিন এই সুবিধা কার্যকর থাকবে। নাটোর জেলার মধ্যে গুরুদাসপুর উপজেলা এই কর্মসূচির আওতায় এসেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ এবং গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বক্তব্য রাখেন। প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পূর্বে কয়েক দফায় টেন্ডার জটিলতার কারণে মিড ডে মিল কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। দেশের দরিদ্রতার প্রেক্ষাপটে প্রতি জেলার অন্তত একটি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়কে সুবিধার আওতায় আনা হয়েছে। তবে কক্সবাজার ও বান্দরবান জেলার সব উপজেলা এই সুবিধা পাচ্ছে। প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “প্রতিটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। উপযুক্ত পরিবেশ ছাড়া তা প্রকাশ পায় না। আমাদের শিক্ষার লক্ষ্য হলো শিশুর সম্ভাবনাকে বিকশিত করা, যাতে তারা দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সমাজে অবদান রাখতে পারে। আমাদের শিশু যেন সমাজবিরোধী না হয়—এটাই শিক্ষার মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “আমরা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করবো, আপনাদের দায়িত্ব হবে তা রক্ষা করা এবং শিক্ষকদের সহযোগিতা করা। যৌথভাবে কাজ করলে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নত হবে।” এরপর জেলা বিভাগের আয়োজনে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রের অংশগ্রহণকারীদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here