**৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর**

0
125

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার বাইরে কোনো বিকল্প ছিল না। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবচেয়ে প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, আমানতকারী ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই খাত এগোতে পারবে না। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাংকগুলো একীভূত করা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক ফলাফল আসবে।” এর আগে, ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয়। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এরপর, ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে পাঁচটি ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here