**মুরগি চুরিকে কেন্দ্র করে বিরোধ, ৯ দিন পর আরেক স্কুলছাত্রের মৃত্যু**

0
121

বগুড়ার গাবতলীতে মুরগি চুরিকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়ে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর স্কুলছাত্র স্বাধীন ইসলাম (১৭) মারা গেছেন। এর আগে ৯ নভেম্বর রাতে স্বাধীন ইসলামের অনুসারীরা প্রতিপক্ষ কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টো (৫০)কে কুপিয়ে হত্যা করেছিল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীন ইসলামের মৃত্যু হয়। তিনি স্থানীয় রামচন্দ্রপুর হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, চলতি বছরের মে মাসে গাবতলী দুর্গাহাটার কীর্তনীয়া গ্রামে ৪২টি মুরগি চুরির ঘটনায় নিহত স্বাধীন ও খামার মালিক জহুরুল ও খায়রুলদের মধ্যে বিবাদ দেখা দেয়। এরপর থেকে মামলা-মোকদ্দমা ও উত্তেজনা চলছিল। সাম্প্রতিক এই বিরোধের জেরে নিহত স্বাধীন ও তার সহযোগীরা খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করেছিল। এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে স্বাধীন ইসলামের অনুসারীরা কীর্তনীয়া বাজারে খায়রুলদের মামাতো ভাই ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। মামলার অভিযুক্তদের মধ্যে নিহত স্বাধীন ইসলামের পরিবারের সদস্যরাও পলাতক আছেন। তবে নিহত পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুজনের মৃত্যু হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here