সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ, যানজট সৃষ্টি

0
121

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের ইটভাটা মালিক ও শ্রমিকরা। ভাটা সচল করার দাবিতে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় শতাধিক শ্রমিক-মালিক এ কর্মসূচিতে অংশ নেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অবরোধের কারণে ঢাকা–আরিচা মহাসড়কের দুই দিকেই প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে আটকা পড়ে দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও রোগীবাহী অ্যাম্বুলেন্স। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারের নির্দেশে এ বছর সাভার অঞ্চলের সব ইটভাটা বন্ধ রাখা হয়েছে। এতে মালিকদের কোটি কোটি টাকার ক্ষতি গুনতে হচ্ছে। পাশাপাশি কর্মহীন হয়ে হাজারো শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, অযৌক্তিকভাবে ভাটা বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের জীবন হুমকির মুখে পড়েছে। ভাটা চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, ‘ইটভাটা সচল করার দাবিতে মালিক ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।’ পরে পুলিশের সঙ্গে আলোচনার পর বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেন ভাটা মালিক ও শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here