
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। শনিবার (২২ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশে নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং রাত-দিনের তাপমাত্রায় সামান্য কমতি। শনিবার (২২ নভেম্বর), রোববার (২৩ নভেম্বর) এবং সোমবার (২৪ নভেম্বর)—এই তিন দিনের প্রতিটি পূর্বাভাসেই প্রায় একই চিত্র। আকাশ থাকবে আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক, এবং রাত-দিনের তাপমাত্রায় সামান্য কমতি কিংবা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

