রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ

0
114

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় তারা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ চালান। এর ফলে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “পিএসসি আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সবাই ৬ মাস সময় পায়, আমরা কেন মাত্র ২ মাস পাব? আমাদের সঙ্গে কেন বৈষম্য করা হচ্ছে? আমরা আজ যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি।” তিনি আরও বলেন, “ঢাকায় আমার ভাইদের ওপর হামলা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি, পর্যাপ্ত সময় দিয়ে যৌক্তিক সময়ে পরীক্ষা নেওয়া হোক। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, ততক্ষণ আন্দোলন চলবে।” কৃষি অনুষদের শিক্ষার্থী আনিকা বলেন, “ছাত্রদল, শিবির, এনসিপি সবাই স্বীকার করেছে এটি যৌক্তিক আন্দোলন। তাহলে কেন সমাধান পাচ্ছি না? দুই মাসে সিলেবাস শেষ করা সম্ভব নয়, তবু আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। শহীদ মিনারের সামনে আমাদের ভাইরা অনশনে বসেছেন, তারপরও সমাধান নেই। আমরা চাই পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক সময়ে পরীক্ষা নেওয়া হোক।” বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ জানান, “শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশনে আটকে আছে। অবরোধ শেষ হলে সম্ভবত ট্রেন ছাড়ানো যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here