
দেশে যদি বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তা মোকাবিলায় প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক ছোট ভূমিকম্প হচ্ছে—এসব পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ছোটখাটো উদ্ধারকাজ পরিচালনায় প্রস্তুত থাকলেও বড় ধরনের দুর্যোগে পরিস্থিতি কেমন হবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি বিল্ডিং কোড কঠোরভাবে মেনে ভবন নির্মাণের ওপর জোর দিয়ে বলেন, “ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। অনেক দেশে এমন অ্যাপ রয়েছে, যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগেই সংকেত দেয়—আমরাও এ ধরনের ব্যবস্থা চালুর বিষয়ে ভাবছি।” জলাশয় ভরাট, খোলা মাঠের অভাবসহ নগর পরিকল্পনার দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি রাজউককে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, নির্বাচনের আগে অস্থিতিশীলতার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি ব্যক্তিগত অস্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ২০০৯ সালের পর দেওয়া অস্ত্রলাইসেন্স নবায়ন করা হয়নি বলেও তিনি জানান।
