মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান: এ্যানি

0
177

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মাদক নির্মূল করতে সামাজিক আন্দোলনের প্রয়োজন। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমার পক্ষে একার হাতে এটি সম্ভব নয়। তাই সবাইকে—যেখানে থাকুক না কেন—মাদকের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি, ডাকাতি ও রাহাজানি জড়িত। যারা মাদক সেবন বা ব্যবসায় জড়িত, তাদের সমাজে হুঁশ-জ্ঞান থাকে না এবং তারা অপকর্মে লিপ্ত হয়। এ্যানি বলেন, আমরা মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্বে আসবে, তাদের সহায়তায় আমরা এগিয়ে যাব। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। মো. কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, মুনসুর আহমেদ ও মঞ্জুরুল হাসান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষায় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here