নির্বাচনের আগে রাস্তা না হলে ভোটকেন্দ্রে যাব না: জেলে সম্প্রদায়

0
130

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুরে চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন জেলে সম্প্রদায়ের পরিবারের সদস্যরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে তারা বলেন, “ভোটের আগে সব দল এসে বাড়ির রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে যায়, ভোট শেষে কেউ আর খবর নেয় না। বিগত ৫০ বছর ধরে আমাদের এই আশ্বাসের ওপরই বোকা বানানো হয়েছে। এবার আর আমরা কারও আশ্বাসে ভোটকেন্দ্রে যাব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দাশপাড়া জেলেবাড়ির চলাচলের রাস্তা অবশ্যই নির্মাণ করতে হবে।” জেলে সম্প্রদায়ের লোকেরা আরও জানান, দীর্ঘ ৫০ বছর ধরে চলাচলের রাস্তা না থাকায় তাদের দৈনন্দিন জীবন কষ্টের মধ্যে কাটছে। স্কুলগামী ছেলেমেয়েরা পানির ওপর বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে, ফলে বইপুস্তক ভিজে যায়, কেউ কেউ আহতও হয়েছেন। এছাড়া কোনো মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে। প্রায় ৫ শতাধিক পরিবারের এই চলাচলের রাস্তার সমস্যার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন, “বিগত ১৭ বছর ক্ষমতায় থাকা সরকার বারবার আশ্বাস দিলেও জেলে সম্প্রদায়ের চলাচলের রাস্তা নির্মাণ করেনি। আমরা ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি এবং আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।” এ সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ ফেনীর যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান, যুবদল নেতা মো. সেলিম, জাহাঙ্গীর আলম প্রমুখও বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here