
রাঙামাটি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা ‘মানসিক চাপ’ উল্লেখ করে দলের সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি নিজ ফেসবুক পেজে পোস্ট করে জানান, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে ৩০ নভেম্বর থেকে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব।” এর আগে, গত ১৪ নভেম্বর রাঙামাটি জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক উজ্জ্বল চাকমাও ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগপত্রে বলা হয়, “গত আট মাস ধরে যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। সাংগঠনিক ভিত্তি মজবুত করতে আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে নিয়মিত দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।” পদত্যাগ প্রসঙ্গে বিপিন জ্যোতি চাকমা কালবেলাকে বলেন, “পদত্যাগের ঘোষণা দিয়েছি ব্যক্তিগত কারণে। এতে কারও জন্য কোনো কিছু থেমে থাকে না।” রাঙামাটিতে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন বিপিন জ্যোতি চাকমা। তার এই আকস্মিক পদত্যাগ রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। যদিও তিনি মানসিক চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন, স্থানীয় রাজনীতিতে পদত্যাগের পেছনের প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা চলছে। এক মাসে দুই নেতার পদত্যাগকে অভ্যন্তরীণ মান-অভিমান এবং দলীয় অব্যবস্থাপনার সঙ্গে জড়িয়ে দেখার গুঞ্জনও রয়েছে, তবে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
