
চট্টগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (সোমবার, ১ ডিসেম্বর) স্কুলে যোগ দেননি। এর ফলে নগরের ১৩টি সরকারি বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা থেমে গেছে। মধ্যপথে হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৩টি, যার মধ্যে মহানগরীতে ৯টি, সন্দ্বীপে ২টি, এবং সীতাকুণ্ড ও পটিয়ায় একটি করে। এসব বিদ্যালয়ে ২০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো. তায়সীর উদ্দীন বলেন, “মধ্যপথে হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এমন আচরণের কোনো মানেই হয় না। দ্রুত বিষয়টি মীমাংসা করা উচিত।” বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন রাজু জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ কোনো শিক্ষক কাজে যোগ দেননি। তাই কোনো সরকারি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় পরীক্ষার আগের দিনই স্কুলগুলোকে স্থগিতের বিষয়ে অবহিত করা হয়েছিল। ফলে কোনো শিক্ষার্থী স্কুলে এসে ফিরে যাননি।” রাজু আরও বলেন, “এটি আমাদের ন্যায্য পাওনা। মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় আমাদের অধিকার দিতে গড়িমসি করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”
