
জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। নভেম্বর মাসে প্রতিষ্ঠানটি ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের কোনো বিদ্যুৎকেন্দ্রের মাসিক উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নভেম্বর মাসে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ অবদান রেখে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এটি প্ল্যান্টের উচ্চ প্রযুক্তি ক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা এবং সুসংগঠিত আর্থিক পরিকল্পনার ফল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

