চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

0
116

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রসঙ্গে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, “সবার দোয়ার বরকতেই হয়তো তিনি এ যাত্রায় সুস্থ হয়ে উঠবেন।” তিনি আরও জানান, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টা, সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে। চিকিৎসকদের দেওয়া সব চিকিৎসাই খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না—এ বিষয়ে মেডিকেল বোর্ডের পরামর্শই চূড়ান্ত বলে জানান ডা. জাহিদ। সংকটময় এই সময়ে দেশবাসীকে গুজব বা বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দোয়া করলে হয়তো বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন—আমরা আশাবাদী।” দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। ২৩ নভেম্বর জরুরি অবস্থায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতাও রয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে আইসিইউ–সমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। এরপর রোববার ভোরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here