
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম আর নেই। তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। ডা. দিলু আরা বেগম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ইসলামপুর উপজেলায় তিনিই প্রথম নারী এমবিবিএস চিকিৎসক ছিলেন, যা তার জন্মস্থানসহ আশেপাশের অঞ্চলের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চিকিৎসক হওয়ার মতো সৎ পেশা বেছে নিতে অনুপ্রাণিত করেছে। চিকিৎসার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রথম জানাজা গ্রিন রোডে স্টাফ কোয়ার্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং বাদ মাগরিব ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজার পর তিনি চিরনিদ্রায় শায়িত হন। ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন স্বাস্থ্য অধিদপ্তরে (DGHS) কর্মরত ছিলেন এবং অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অ্যাডমিন) পদ থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই শোকবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত।
