
আবহাওয়া অবজারভেশন টিম দেশের বিভিন্ন স্থানে আগামী ১০ ও ১১ ডিসেম্বর রাতের সময় প্রচণ্ড শীত অনুভূত হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্য অঞ্চলেও রাতের তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর এবং শ্রীমঙ্গল এলাকার রাতের তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যদিও এই সময়ে তাপমাত্রা সাধারণত ১০° সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম, তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে অল্প সময়ের জন্য তাপমাত্রা ১০° সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহ তৈরি করতে পারে। এটি নির্ভর করবে স্থানীয় আবহাওয়ার অবস্থার ওপর। সংস্থাটি জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই দেশে সক্রিয় হতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এ বিষয়ে শিগগিরই আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
